দেশের নারী ফুটবলের বড় মুখ সানজিদা, মারিয়া মান্দাদের গড়ে তোলা কলসিন্দুর উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে এখন আগুনে পুড়ার দগদগে ক্ষত। ফুটবল কন্যাদের গর্বের এ প্রতিষ্ঠানের অফিস কক্ষে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে।
এতে নারী ফুটবলারদের অর্জনের সনদপত্র ও মেডেল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজ, রেজুলেশন বই ও শিক্ষকদের সনদপত্র। চুরি হয়েছে একটি পেনড্রাইভও।
আনুমানিক ৪৮ টির মতো মেডেলের মধ্যে ১৬ থেকে ১৭ টি মেডেল এবং ১৭ থেকে ১৮ টি সনদপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ নারী জাতীয় দলের তারকা রোজিনা, শামসুন্নাহার জুনিয়র, সাজেদার সনদপত্র ও মেডেল ছিল।
এ ঘটনায় রাত ৮ টার দিকে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রতন মিয়া বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কলসিন্দুর উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন মিয়া জানান, চলতি মাসের ৫ তারিখ থেকে পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে। ফলে এখন বিদ্যালয় বন্ধ। আগামী ১৩ জুন বিদ্যালয় খোলা হবে।
তবে গণিত এবং ইংরেজি শিক্ষকেরা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস নিচ্ছেন। এদিন দুই শিক্ষক সকালে সেই ক্লাস নিতে বিদ্যালয়ে গিয়ে দেখেন অফিসের তালা ভাঙা এবং ভেতরে আগুনে ধোঁয়া উড়ছে।
তিনি জানান, দুর্বৃত্তরা আলমারিতে থাকা বিদ্যালয়ের শিক্ষকদের সনদপত্র, মেয়েদের খেলার সার্টিফিকেট, মেডেল, রেজুলেশন বই, কারিগরি শাখার কাগজপত্রসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া একটি পেনড্রাইভও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানি জানান, বিদ্যালয়ের নারী ফুটবলারদের উপজেলা পর্যায়ে ও জেলা পর্যায়ে খেলার সনদপত্র ও মেডেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশের নারী ফুটবলের আঁতুড়ঘর হিসেবে পরিচিত। এ বিদ্যালয় থেকে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, সাজেদা, রোজিনা, তহুরা, মার্জিয়াসহ কমপক্ষে ১৩ জন ফুটবলার দাপটের সঙ্গে বর্তমান জাতীয় দলে খেলছেন।
