জমির বিরোধে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ১৫ মে ২০১৯, ০৩:১৯ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীর ছুরিকাঘাতে আবুল মনছুর (৩২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বখতপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মনছুর বখতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিয়া বাড়ীর মুহাম্মদ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত মনছুরের ভাই মুহাম্মদ আকবর ও তার চাচা জহুর ছাফা গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বখতপুর ইউনিয়নের মহিলা ইউ.পি সদস্য মোছাম্মৎ সুমির স্বামী বাবু এবং তার সহযোগী মোহাম্মদ ফিরোজ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেলে শান্তিরহাট বাজারে দু-পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে বাবু ও ফিরোজ নিহত আবুল মনসুরকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত