কবি হেনরী স্বপন ও ইমতিয়াজ মাহমুদের মুক্তির দাবিতে আল্টিমেটাম

আপডেট : ১৬ মে ২০১৯, ১২:১৪ এএম

কবি হেনরী স্বপন ও লেখক-আইনজীবী ইমতিয়াজ মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে লেখক-শিল্প-সাংবাদিক-সংস্কৃতিকর্মীরা।

বুধবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ এবং ‘কবি-লেখক-শিল্পী ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচী পালন করে।

মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন ৫৭ ধারা বাতিলের দাবি এবং শুক্রবারের মধ্যে কবি হেনরী স্বপন ও ইমতিয়াজ মাহমুদের মুক্তির দাবি জানান। অবিলম্বে মুক্তি না দিলে লাগাতার অবস্থান কর্মসূচী পালনের আল্টিমেটাম দেয়া হয।

মানববন্ধনের সমন্বয়ক রবিন আহসান বলেন, ‘কবি হেনরী স্বপনকে বরিশালে গ্রেপ্তার করা হয়েছে। তার মুক্তির দাবিতে যখন মানববন্ধ করার পরিকল্পনা করছি তখন জানতে পারলাম আজ সকালে গেপ্তার করা হলো লেখক-আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে। এর মধ্যে মুক্তচিন্তাকে শেকল পড়ানোর যে প্রচেষ্টা, সেটা বাস্তবায়ন হতে দেয়া হবে না। আগামী শুক্রবারের মধ্যে যদি হেনরী স্বপন ও ইমতিয়াজ মাহমুদকে মুক্তি না দেয়া হয় তবে শুক্রবার বিকেল ৪টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে।’

মানববন্ধনে বলা হয়, আমরা যখন শাহবাগে মানববন্ধন করছি তখন জানতে পেরেছি, ইমতিয়াজ মাহমুদের জামিন না মঞ্জুর করেছে আদালত। খুনের আসামী ধর্ষকেরা ঘুরে বেড়ায় তাদের গ্রেপ্তার করা হয় না। তাদের গ্রেপ্তারের পরই জামিন হয়ে যায়।

কিন্তু কবি-লেখককে স্বাধীন মত প্রকাশের দায়ে গ্রেপ্তার করা হয়, জেলে নিয়ে যাওয়া হয়। এর মধ্য দিয়ে মুক্ত চিন্তাকে চেপে ধরার প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কবি শাহেদ কায়েস, রাখাল রাহা, নাট্যজন অনন্ত হিরা, লোক পত্রিকার সম্পাদক অনিকেত শামীম, চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ, তৌফিক মারুফ, বাকী বিল্লাহ, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার, কবি জুয়েল মোস্তাফিজ, মামুন খান, কবি সাকিরা পারভীন, হাসান মাহমুদ, লোপা মমতাজ, আহমেদ স্বপন, গিরীশ গৈরিক, তানিম কবির, শ্যামল শিশির, শাহনাজ জাহান প্রমুখ।

উল্লেখ্য খ্রিষ্টান ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গত মঙ্গলবার বরিশাল থেকে কবি হেনরী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে নগর বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।

অন্যদিকে ফেসবুকে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় বুধবার সকালে গ্রেপ্তার করা হয় লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে।

পরে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে ইমতিয়াজকে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত