কক্সবাজারের উখিয়ায় একটি বসতবাড়িতে ‘আটকে রাখা’ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টায় উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গত ১০ মে ১১ নারীসহ এ রোহিঙ্গা শিশু ও পুরুষরা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে।
উদ্ধারকৃত নারী গুল মেহের (৬০) সাংবাদিকদের বলেন, তার স্বামী মোহাম্মদ কাশেমকে রাখাইন রাজ্যে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। প্রাণ বাঁচাতে ১০ মে রাতে বাংলাদেশে আসেন। পরে জনৈক তাবাইয়া মালয়েশিয়া পাঠানোর কথা বলে তাদের পাঁচদিন আটকে রাখে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বুধবার দুপুরে উখিয়া থানায় গিয়ে দেখা যায়, উদ্ধার রোহিঙ্গারা থানায় একটি কক্ষে আছেন। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের যুবক মিজানুর রহমান বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা ঘাট দিয়ে গুল মেহের (৬০), খালাত ভাই আবদুস সালাম (২০), খালাত বোন রফিকা (১৮), আমিনা খাতুন (১৫), সিরাজুল ইসলামসহ (১২) কয়েকজন সীমান্ত পেরিয়ে এপারে আসেন। তাদের বাড়ি মিয়ানমারের বুচিদং পুইখালি গ্রামে।
