সোনারগাঁয়ে অন্তঃসত্ত্বা এক নারীসহ একই পরিবারের সাতজনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে পৌর এলাকার গোয়ালদী গ্রামে সোনারগাঁ পৌরসভার একজন কাউন্সিলরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা জানিয়েছেন। হামলার সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি তিন নারী শ্লীলতাহানির শিকার হয় বলেও তারা দাবি করেন। এ ঘটনায় আহত সাজেদা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়, সোনারগাঁ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাইম আহম্মেদ রিপনের নেতৃত্বে কয়েকজন গোয়ালদী গ্রামের হানিফ মিয়ার একটি নিচু জমি বালু দিয়ে ভরাটের কাজ নেয়। কাজ শেষ হওয়ার আগেই হানিফ মিয়া এ জন্য নির্ধারিত পুরো টাকা পরিশোধ করেন। কিন্তু টাকা হাতে পাওয়ার পর অসম্পূর্ণ কাজ শেষ করতে টালবাহানা শুরু করে কাউন্সিলর রিপন ও তার লোকজন। এই নিয়ে কথা কাটাকাটির জেরে গতকাল সকালে কাউন্সিলর রিপনের নেতৃত্বে ১০-১৫ জন হানিফ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়।
