চারশ অস্ত্রের ভুয়া লাইসেন্স: ৩৯১জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১৬ মে ২০১৯, ০৯:৫৪ এএম

রংপুর ডিসি অফিসের জিএম শাখা থেকে জেলা প্রশাসকের সই জাল করে ভুয়া কাগজপত্র তৈরির পর চারশ অস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়নের ঘটনায় বৃহস্পতিবার ৩৯১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক। খুব দ্রুত এই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আতিকুল ইসলাম।

এর আগে গত ২৫ এপ্রিল এই মামলার চার্জশিটভুক্ত ৬০ আসামি রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ২০০৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে সামসুল ও তার সিন্ডিকেট রংপুর ডিসিদের সই জাল করে ব্যাকডেটে ৪০০ বেশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এর মাধ্যমে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছে।

ঘটনাটি প্রকাশ হওয়ায় তার অফিসে অভিযান চালিয়ে সামসুলের আলমারি থেকে ১৫টি আগ্নেয়াস্ত্রের ভুয়া লাইসেন্স, ১৫টি ভুয়া লাইসেন্সের ভলিউম, ৭ লাখ নগদ টাকা, ১১ লাখ টাকার এফডিআর ও ২ লাখ টাকার সঞ্চয়পত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিসি অফিস ও দুদক দুটি মামলা করে। মামলাটি পরে দুদকে স্থানান্তর করা হলে রংপুর র‌্যাব-১৩ সদস্যরা গত বছরের ৬ জুলাই সামসুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ সেপ্টেম্বর টাঙ্গাইল থেকে তার সহযোগী আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সামসুলে স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিল স্বাক্ষর জাল করে অস্ত্রের লাইসেন্স প্রদানের মামলায় ৩৯১জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক ঢাকা অফিস। আরেকবার আসামিদের নাম ঠিকানাগুলো যাচাই করে খুব দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত