নতুন কমেডি সিনেমায় অমিতাভের সঙ্গে আয়ুষ্মান

আপডেট : ১৬ মে ২০১৯, ০১:৩২ পিএম

শ্রীরাম রাঘবন পরিচালিত আন্ধাধুন সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন আয়ুষ্মান খুরানা। এবার সুজিত সরকারের পরিচালনায় নতুন ছবিতে দেখা যাবে তাকে। সঙ্গে থাকছেন অমিতাভ বচ্চন।

এর আগে পিকু সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন সুজিত-অমিতাভ জুটি। কমেডি ঘরানার এই ছবির নাম গুলাবো সিতাবো। এর মধ্যে দিয়ে অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন  আন্ধাধুন তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গুলাবো সিতাবো মূলত পারিবারিক কমেডি ঘরানার একটি সিনেমা। এটির চিত্রনাট্য লিখেছেন জুহি চতুর্বেদী। এর আগে ভিকি ডোনার, পিকু  এবং অক্টোবর-এর মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি। চলতি বছরের নভেম্বর মাসেই এই ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে ।

এ সিনেমা প্রসঙ্গে সুজিত জানান, লখনউ শহরের প্রেক্ষাপটে গুলাবো সিতাবো’র গল্প লেখা হয়েছে। উত্তর প্রদেশের লোকেরা কথায় কথায় প্রায়ই এই শব্দটি ব্যবহার করে থাকে। এটা খুব মজার একটা গল্প। এর থেকে আর বেশি কিছু বলব না। অপেক্ষা করুন!

এদিকে অমিতাভের সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত আয়ুষ্মান। তিনি বলেন, অমিতাভ স্যরের ছবি দেখেই বড় হয়েছি। ছোট থেকেই স্বপ্ন দেখতাম তার মতো হওয়ার। ঠিক যখন থেকে অভিনেতা হওয়ার সুপ্ত বাসনাটা আমার মধ্যে চাড়া দিয়েছে, এই সুযোগটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। এতদিনে সেই ইচ্ছেপূরণ হলো।

প্রসঙ্গত, সুজিতের ভিকি ডোনার  সিনেমা দিয়েই বলিউডে পা রেখেছিলেন আয়ুষ্মান। এবার গুলাবো সিতাবো-তে দ্বিতীয়বারের মতো সুজিতের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত