বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আনন্দ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আওয়ামী লীগ এখন আনন্দ করছে, আনন্দ করুক। বিএনপিও আনন্দ করবে যেদিন সব মানুষ নিয়ে রাস্তায় নেমে খালেদা জিয়াকে মুক্ত করবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।
নজরুল ইসলাম খান বলেন, আমরা যারা এখানে বসে আছি, তারা সবাই বলছি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য কী করা দরকার, এ নিয়ে বহু আলোচনা করছি। কিন্তু আসলে কিছুই করছি না।
'কী করা দরকার, এ বিষয়ে কারো বুদ্ধির অভাব নেই। তবে সেই বুদ্ধির কাজটা করার মতো কোনো উদ্যোগ নাই। ভাসানীর সময় যত আন্দোলন-সংগ্রাম হয়েছে, সব সময় তিনি অংশগ্রহণ করতেন। মওলানা ভাসানী জনগণের জন্য কথা বলতেন, জনগণের জন্য কাজ করতেন'।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে নজরুল বলেন, এখানে একজন বলেছেন, আত্মাহুতি দেওয়া দরকার। আত্মাহুতি দেওয়ার জন্য কারও অনুমতি লাগে নাকি? আমি যদি আত্মাহুতি দিতে চাই, তাহলে একাই আত্মাহুতি দিতে পারি।
'কিন্তু আপনার মৃত্যু তো আমার চাওয়া না। আমার চাওয়া হলো খালেদা জিয়ার মুক্তি। আর বেগম জিয়ার মুক্তির জন্য আপনার মরার দরকার নেই, সাহস করে রাস্তায় আসেন। চলেন এক সঙ্গে রাস্তায় নেমে মিছিল করি। তাহলেই বেগম জিয়ার মুক্তি হবে'।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারাবন্দী রাখা হয়েছে মন্তব্য বিএনপি নেতা বলেন, 'খুবই অন্যায়ভাবে, প্রতিহিংসাপরায়ণ হয়ে শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে সরকার খালেদা জিয়াকে আটকে রেখেছেন।'
'এই দেশের জনগণ গণতন্ত্রের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু আজ স্বাধীন দেশে গণতন্ত্র নেই। আজ গণতন্ত্রকে মুক্ত করতে হলে গণতান্ত্রিক আন্দোলনে বারবার নেতৃত্ব দিয়ে বিজয়ী হওয়া সেনাপতি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।'
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, নাজিম উদ্দীন মাস্টার, জামাল উদ্দীন খান মিলন, সদস্যসচিব হাসান জাফির তুহিন প্রমুখ।
সংগঠনের সদস্য এসকে সাদীর সভা সঞ্চালনা করেন।
