যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইফতার পার্টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির মুসলিম নেতারা।
সোমবার হোয়াইট হাউসের ওই ইফতার পার্টিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের কূটনীতিকদের নিমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প।
তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুসলিম জোটের কোনো নেতাকে ওই ইফতার পার্টিতে ডাকা হয়নি। ডাকলেও তারা যেতেন না বলে এসব জোটের নেতারা জানান।
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকে ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিদ্বেষী মন্তব্য করে আসছেন। ক্ষমতায় এসে তিনি বেশ কিছু মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেন।
এসব বিষয় উল্লেখ করে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, 'মুসলিম বিদ্বেষী, অভিবাসী বিদ্বেষী, হোয়াইট সুপ্রিমেসির সমর্থক,বর্ণ ও ক্ষুদ্র জাতিসত্তার বিরুদ্ধে বর্ণবাদী নীতির অনুসারী একজন প্রেসিডেন্টের উপস্থিতিতে ইফতার পার্টিতে আমাদের অংশগ্রহণ খুব খারাপ ঘটনা হতো।'
ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, 'রমাজন এমন একটি মাস যখন মানুষ আশা, সহিষ্ণুতা আর শান্তির জন্য সমবেত হয়।'
