নাটোরে ঘুষের টাকা না পেয়ে ৩৫ হাজার ডিম নষ্ট করে ফেলার ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৃহস্পতিবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কুড়ি হাজার টাকা ‘বকশিশ’ না দেওয়ায় ৩৫ হাজার ডিম (মুরগির ডিম) নষ্ট করে ফেলার অভিযোগ উঠে নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে।
ঘটনাটি দেশের গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শুক্রবার পুলিশের নেওয়া ব্যবস্থার কথা জানানো হয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘটনা সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ডিমের মালিকের সঙ্গে যোগাযোগ করে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে হাইওয়ে পুলিশের এসপি পদমর্যাদার একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।’
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছয় পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজ (প্রত্যাহার) করে হাইওয়ে বগুড়া রিজিয়ন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নষ্ট হয়ে যাওয়া ডিমের মালিক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মেসার্স প্রীতিমণি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিপ্লব কুমার সাহা জানান, বৃহস্পতিবার ভোরে একটি পিকআপে করে ৩৫ হাজার ১০০ ডিম নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে নাটোর যাচ্ছিলেন তিনি। পথে বড়াইগ্রাম উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় পিকআপটি চাকা ফেটে হয়ে গেলে সেটি পাশের ফিডার রোডে নেমে যায়।ৎ
তিনি জানান, খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ সদস্যরা পিকআপ উদ্ধারের জন্য রেকার ভাড়াসহ ২০ হাজার টাকা ঘুষ দাবি করে।
'চালক এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যরা পিকআপে ডিমের খাঁচি বাধার রশি চাকু দিয়ে কেটে দেয়। এতে ডিমের খাঁচি রাস্তায় পড়ে অধিকাংশই ভেঙে নষ্ট হয়ে যায়।'
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুকুরের পাহারাদার শহীদুল ইসলাম ও আতাহার আলী জানান, চালক-হেলপার বারবার নিষেধ করা সত্ত্বেও পুলিশ পিকআপের রশিগুলো কেটে দিয়েছে। রশি না কাটলে ডিমগুলো নষ্ট হতো না।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার রশি কেটে ডিম ফেলে দেয়ার বিষয়টি সঠিক নয় দাবি করে জানান, পিকআপটি ‘কাত হয়ে’ ডিম পড়ে নষ্ট হয়ে গেছে।
তবে রশির কাটা টুকরো রাস্তায় পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেগুলো রেকারের লোকেরা কাটতে পারে।
