নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে তিন কারখানা মালিকের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজিবুল আহসানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
গত বৃহস্পতিবার গভীর রাতে গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় পুরানপাড়া এলাকার ভেজাল গুড় কারখানার মালিক সুজন সোনার (২৫), মুক্তার শাহ (৪০) ও আলামিন সোনারকে (৩২) ভেজাল গুড়সহ গ্রেপ্তার করে র্যাব-৫। পরে গতকাল শুক্রবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানার আদেশ দেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। ওই অভিযানে ১৫ হাজার ৯৫০ কেজি চিনি, এক লাখ কেজি গুড়, ২৮০টি প্লাস্টিকের ড্রাম, ৩৫০টি সিলভারের পাতিল, ২৫০ কেজি আতপ চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই ভেজাল গুড় ধ্বংস এবং জব্দ দ্রব্যাদি বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
