ভারতের লোকসভা নির্বাচনে চারটি বুথ ফেরত জরিপে এগিয়ে আছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)।
তবে জরিপকে ‘গসিপ’ বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশংকা প্রকাশ করেছেন ইভিএম কারচুপির।
রবিবার সর্বশেষ ধাপের মধ্য দিয়ে সাত ধাপের লোকসভা নির্বাচন সমাপ্তি ঘোষণা করা হয়। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে নির্বাচনী কমিশন।
হিন্দুস্তান টাইমস জানায়, টাইমস নাউ টিভি চ্যানেলের বুথ ফেরত জরিপে দেখা গেছে, ৩০৬টি আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে এনডিএ জোট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) পাচ্ছে ১৩২ আসন। মায়াবতীর বহুজন সমাজ পার্টি নেতৃত্বাধীন এমজিবি জোট পাচ্ছে ২০টি আসন। অন্যান্যরা পাচ্ছে ৮৪টি আসন।
ভারতের জাতীয় এ নির্বাচনে সর্বমোট ৫৪৩টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২টি আসন। সেদিক দিয়ে স্পষ্টই দেখা যাচ্ছে, পরবর্তী মেয়াদেও ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি।
বুথফেরত সমীক্ষার ফল সামনে আসার পরই মমতা বন্দোপাধ্যায় টুইট করে লেখেন-
‘‘আমি এই বুথফেরত সমীক্ষার গসিপে বিশ্বাস করি না। গসিপ ছড়িয়ে দিয়ে হাজার হাজার ইভিএম পাল্টে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং সাহসী থাকার আহ্বান জানাচ্ছি। এই লড়াই আমরা সবাই একসঙ্গে লড়ব।’’
পরে ফোনে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘টোটাল গসিপ। এরা কেউ ভগবানের দূত নয়। এদের থিয়োরি বিশ্বাস করি না। এটা একটা চক্রান্ত। ইভিএম পাল্টে দিতে পারে। এটা আমার সন্দেহ। ইতিমধ্যেই আমার চার-পাঁচজনের সঙ্গে কথা হয়েছে। ভাল করে পাহারা দিন। কোনওভাবেই যাতে ইভিএম পাল্টাতে না পারে।’’
