বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র প্রকল্পে সরঞ্জামাদি কেনার বিষয়ে এত বড় দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চুপ রয়েছে।
সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সরঞ্জামাদি কেনার বিষয়ে যে দুর্নীতি হয়েছে তা নজিরবিহীন। অথচ এত বড় দুর্নীতির বিষয়ে দুদক চুপ রয়েছে। সরকারের লুটপাটের নীতি বিস্তার করেছে। 'গণতন্ত্রের অনুপস্থিতিতে জবাবদিহির নীতি নেই বলে সরকারের লুটপাটের নীতি বিস্তার করছে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন। বাংলাদেশের প্রতিটি মানুষ জেনে গেছে।
রিজভী বলেন, আইনকে নিজের মতো করে ব্যবহার করা, সাজানো মামলা দিয়ে প্রহসনের বিচারে খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া সবকিছু আপনি নিজেই করেছেন, তা আপনার কথাতেই জনগণ নিশ্চিত হয়েছে।
'জনগণের সামনে আপনার সব কুমতলব ফাঁস হয়ে গেছে। তাই আর কালক্ষেপণ না করে খালেদা জিয়াকে আপনার প্রতিহিংসাপরায়ণতার জিঞ্জির থেকে মুক্ত করে দিন'। 'দেশের মানুষকে আর ক্ষিপ্ত না করে। সব মানুষ তাদের প্রিয় নেত্রীর মুক্তি চায়'।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অ্যাডভোকেট আহমেদ আযম খান, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
