ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৮) উত্ত্যক্ত করার দায়ে মো. আবু নাঈম (২৬) নামে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ আদেশ প্রদান করেন। নাঈম পেশায় একজন টাইলস মিস্ত্রি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঝালকাঠি সদর উপজেলার জয়সী গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে নাঈম সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে যাওয়া আসার সময় প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবক ও শিক্ষকদের জানায়।
সোমবার সকালে ওই ছাত্রী গ্রামের বাড়ি থেকে কলেজে আসার সময় নাঈম তাকে আবার উত্ত্যক্ত করছিল। এসময় ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে নাঈমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে নাঈম আর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করবে না বলেও মুচলেকা দেয় ভ্রাম্যমাণ আদালতের কাছে।
