সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধন চেয়ে আবেদন

আপডেট : ২০ মে ২০১৯, ১১:০৭ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কী বলে ডাকতে হবে তা জানতে চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন সুনামগঞ্জের সালেহীন চৌধুরী নামের এক নাগরিক। তিনি সুনামগঞ্জ তথ্য অধিকার ফোরামের নির্বাহী সদস্য। সালেহীন চৌধুরী জানতে চেয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোনো আইন বা বিধি আছে কি না। যদি না থাকে তবে নাগরিকরা এই কর্মকর্তা-কর্মচারীদের কী সম্বোধন করবেন?

সালেহীন গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর তথ্য অধিকার বিধিমালার বিধি-৩ (তথ্যপ্রাপ্তি সংক্রান্ত) এর নির্ধারিত ফরমে আবেদন করেন। সালেহীন চৌধুরী শুভ হাউস নামে একটি এনজিও সংস্থার নির্বাহী পরিচালক।

তিনি বলেন, দেশের মালিক জনগণ। সেই জনগণকে বিভিন্ন অফিস-আদালতে হেনস্তার শিকার হতে হয় ‘স্যার’ না বলার কারণে, অথবা জুতা না খুলে অফিসে প্রবেশের কারণে! বিভিন্নভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণকে প্রায়ই এসব কারণে হেনস্তা করেন। সে কারণে আমি আজ (সোমবার) তাদের এই আচরণের আইনি বিধিটা জানার জন্য তথ্য অধিকার আইনে আবেদন করেছি। আশা করি আমি জানতে পারব কোন আইনে আছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ ডাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত