জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ হত্যা মামলার অন্যতম আসামি রাজীব হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজীব জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ বুলুপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ হত্যা মামলায় রাজীব হোসেন পলাতক আসামি। তাকে জয়পুরহাট সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
২০১৬ সালে ৩১ মার্চ অনুষ্ঠিত ভাদসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হন। ৪ জুন রাতে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন তিনি মারা যান। এ ঘটনায় তার ছোট ভাই এনামুল হক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
