মোবাইল রিচার্জের টাকা না দেওয়ায় পুলিশের সঙ্গে দোকানিদের তুলকালাম

আপডেট : ২০ মে ২০১৯, ১১:২৫ পিএম

মোবাইল রিচার্জের টাকা না দেওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকা উপজেলায় শিল্প পুলিশের সঙ্গে দোকানিদের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার ইফতারের সময় উপজেলার সীডস্টোর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ব্যবসায়ীরা সাড়ে তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ময়মনসিংহের পুলিশ সুপার, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

সীডস্টোর বাজার ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সীডস্টোর বাজারের পূর্ব পাশে ভালুকা শিল্প পুলিশের পুলিশ সুপারের কার্যালয়। ইফতারের আগ মুহূর্তে শিল্প পুলিশের দুই সদস্য  উপজেলার সীডস্টোর বাজারে দোকান থেকে মোবাইলে টাকা রিচার্জ করতে যায়। রিচার্জ করার পর টাকা না দিয়ে ওই পুলিশ সদস্য চলে যাওয়ার চেষ্টা করে।

তারা জানান, এ সময় দোকানের মালিকের সঙ্গে ওই দুই পুলিশের কথা-কাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে বিষয়টি ভালুকা শিল্প পুলিশ সুপারের কার্যালয়সহ অন্যান্য পুলিশ সদস্যদের জানানো হয়। শিল্প পুলিশের লাঠিসোঁটা নিয়ে কয়েকটি দল এরপর বাজারে গিয়ে ওই দোকানসহ অন্তত অর্ধশতাধিক দোকানে ব্যাপক ভাঙচুর করে।

তারা বলেন, এতে দোকান মালিক ও আশপাশের লোকজন একত্রিত হয়ে পুলিশের ওপর চড়াও হয়। এরপর ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় একটি হায়েস ভাঙচুর ও পুলিশের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে তিন পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।

এ ঘটনায় ভালুকা মডেল থানার এসআই কাজল হোসেন, শিল্প পুলিশের এএসআই গৌতম চন্দ্র ও এএসআই নাজিমকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর দোকান ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ময়মনসিংহ পুলিশ সুপার খবর পেয়ে জলকামানসহ অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হয়।

এ সময় পুলিশ সুপার আবিদ হোসেন, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল ও ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন।

রাত ১০টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

সীডস্টোর বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, শিল্প পুলিশের সদস্যদের হোটেলে খেয়ে বিল না দেওয়া ও তাদের চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে আজকের এই ঘটনা ঘটেছে।

ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শিল্প পুলিশের চাঁদাবাজিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা ঘটেছে।

ভালুকা জোনের শিল্প পুলিশের পুলিশ সুপার সোয়েব আহম্মেদ জানান, শিল্প পুলিশের সদস্যকে একটি ট্রাক ধাক্কা দিলে চালকের সঙ্গে কথাকাটাকাটি থেকে এই ঘটনার সূত্রপাত।

ময়মনসিংহ পুলিশ সুপার আবিদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ‘পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী স্যারের সঙ্গে মোবাইলে কথা বলি। তিনি দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বলে প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত