ক্রীড়াঙ্গনে মুজিববর্ষ নিয়ে মহাপরিকল্পনা

আপডেট : ২১ মে ২০১৯, ১২:৫০ এএম

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে এরই মধ্যে মহাপরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। আগামী বছর ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এ সময়টায় বিভিন্ন অঙ্গনে উদযাপিত হবে মুজিববর্ষ। পিছিয়ে থাকছে না ক্রীড়াঙ্গনও। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গঠিত ক্রীড়া উপকমিটি গতকাল তাদের কর্মবর্ষ চূড়ান্ত কধরেছে। ক্রীড়াঙ্গনে কীভাবে মুজিববর্ষ পালন করা যায়, এ নিয়ে প্রতিটি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কাছে পরিকল্পনা চাওয়া হয়েছিল। ৩৭টি ফেডারেশন তাদের পরিকল্পনা জমা দিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল নেতৃত্বাধীন উপকমিটির কাছে। তার ভিত্তিতে প্রায় ৩৩১ কোটি টাকার একটি বাজেটও নির্ধারণ করা হয়েছে। মুজিববর্ষে বছরজুড়ে ফুটবল, ক্রিকেট, হকিসহ বড় সব খেলাই ভিন্ন ভিন্ন আয়োজন করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি আন্তর্জাতিক টোয়েন্টি-২০ টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি এশিয়ান একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে চায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী বছর সাফ চ্যাম্পিয়নশিপ বঙ্গবন্ধুর নামে আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছে। এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপও আয়োজন করতে চায় তারা। হকিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ নামে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং পাকিস্তান-ভারত সিরিজ আয়োজন করতে চায়।
গতকাল সভা শেষে এই সংক্রান্ত সমন্বয় কমিটির সদস্য সচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওমর ফারুক বলেন, ‘৩৭টি ফেডারেশন বিভিন্ন আয়োজনের পরিকল্পনা জানিয়েছে। বড় বড় আয়োজন ছাড়াও বছরব্যাপী লোজক খেলা, জাতীয় পর্যায়ের বিভিন্ন খেলা আয়োজনের পরিকল্পনা আছে। আমরা একটি প্রস্তাবনা সুপারিশ আকারে জাতীয় কমিটির কাছে পেশ করব। বাজেট চূড়ান্ত হয়ে গেলে আমরা কর্মবর্ষ অনুযায়ী ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত