একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
মঙ্গলবার সকালে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
সোমবার দুপুরে সংরক্ষিত নারী আসনে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেয় বিএনপি। একই দিন নির্বাচন কমিশনে রুমিন ফারহানা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় আজ কারাগারে। আমি সংসদে গিয়ে দেশনেত্রীর মুক্তির জন্য কথা বলব, সাধারণ মানুষের কথা বলব। দল আমার ওপর যে আস্থা রেখেছে, বিশেষ করে ম্যাডামের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, জনগণ ও দলের পক্ষে কথা বলা এটি যেন এমপি হয়ে করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।’
রাজনীতিক অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বিএনপি নেতাকর্মীদের অনেকেই মনে করেন দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন রুমিন ফারহানাই।
উল্লেখ্য, গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন।
একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।
