শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ব্যবহার করে শ্রাবণী শায়লা দিশা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগনেত্রীর সঙ্গে প্রতারণা করার দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে মো. ওসমান (২৬) নামে এই প্রতারক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওসমানের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ছেলে আবদুল ওয়াদুদের ছেলে।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান শিকদার ওরফে অনিক সম্প্রতি থানায় এসে অভিযোগ করেছিলেন, উপমন্ত্রীর নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি ও হুমকি দিয়ে আসছে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসমানই নিজেকে নওফেল পরিচয় দিতেন আবার কখনো নিজেকে উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।
শাহ মো. আব্দুর রউফ আরও বলেন, গ্রেপ্তার ওসমান গত ১৮ মে নিজেকে শিক্ষা উপমন্ত্রী নওফেল পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগনেত্রী শ্রাবণী দিশাকে ফোন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
