আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। ঈদে তাকে বেশকিছু নাটকে দেখা যাবে। নতুন সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
দীর্ঘদিনের বিরতি
টানা কাজ করতে করতে ক্লান্তি লাগছিল। তাছাড়া একই ধরনের গল্পে অভিনয় করতে আর ভালো লাগছিল না। তাই একটু বিরতি নিয়েছিলাম। আমি মনে করি, শিল্পীদের জন্য নিজেকে সময় দেওয়াটা খুবই দরকারি। নয়তো নিজেকে নতুনভাবে উপস্থাপন করা কঠিন হয়ে পড়ে। যাই হোক, বিরতির এই সময়টাতে ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। দীর্ঘদিন বিদেশে ছিলাম। অবশ্য ছুটির দিনেও আমেরিকায় ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ নৃত্য পরিবেশন করেছি।
বিজ্ঞাপন নিয়ে ফেরা...
বিরতি কাটিয়ে প্রথমেই প্রাণ লাচ্ছির একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। এরই মধ্যে এটি টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। আমি দারুণ সাড়া পেয়েছি কাজটির জন্য। এতে আমার সহশিল্পী মিশু সাব্বির। বাসর রাতের মজার একটি দৃশ্য নিয়ে বিজ্ঞাপনটির গল্প। এতে একেবারে সিনেমার মতো বড় আয়োজনে একটি গানও রয়েছে। সব মিলিয়ে কাজটি করে আনন্দ পেয়েছি।
ঈদের নাটক...
এরই মধ্যে কয়েকটি নাটক করেছি। কিন্তু নাটকগুলোর নাম চূড়ান্ত হয়নি। তাই এখনই সেগুলো নিয়ে বলতে চাই না। তবে ইমরাউল রাফাতের পরিচালনায় যে নাটকটি করেছি তার নাম ‘টু বি ওয়াইফ’। এতে আমার সহশিল্পী অপূর্ব। ত্রিভুজ প্রেমের ভিন্নধর্মী গল্পের নাটক। চরিত্রের বৈচিত্র্য রয়েছে বলেই কাজটি করেছি। অনেকদিন পর তার সঙ্গে কাজ করলাম। এমনিতে আমাদের মধ্যকার রসায়ন বেশ ভালো। এর আগে আমাদের কয়েকটি নাটক জনপ্রিয়তা পেয়েছে। আমার প্রথম নাটকইতো তার সঙ্গে করা।
নতুন সিনেমা ‘শান’
অনেকদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার নাম ‘জিন’। এতে আমার বিপরীতে আছন রোশান। এটাকে ভৌতিক সিনেমাও বলা যেতে পারে। ইসলাম ধর্মে যে জিন-পরীর সম্পর্কে বলা আছে সেটিই মূলত উঠে আসবে এর গল্পে। ছবিটি হবে গ্রামীণ আবহে। যেখানে জিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরা হবে। এই ধরনের ছবি আমাদের এখানে আর হয়নি। ছবিটি নির্মাণ করবেন অভিনেতা-পরিচালক নাদের চৌধুরী। এ সিনেমার কাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।