রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ রাজিব দেওয়ান (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস। গত সোমবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার সোনার বাজারমূল্য প্রায় সোয়া ৩ কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার কাছে শুল্ক আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। এ সময় দেহ তল্লাশি করতে চাইলে তিনি সহযোগিতা না করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে তল্লাশি করে তার প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকানো অবস্থায় সাদা রঙের স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়।’ এসব প্যাকেটে ১০০ গ্রাম ওজনের ৬৫টি স্বর্ণবার পাওয়া যায়। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান অথেলো চৌধুরী। গ্রেপ্তার রাজিব মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে।
