বিজিবির বিরুদ্ধে জোরপূর্বক মোবাইল ফোন নেওয়ার অভিযোগ

আপডেট : ২২ মে ২০১৯, ১২:০৪ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের একটি মোবাইল ফোনের শো-রুম থেকে তিন বিজিবি সদস্যের বিরুদ্ধে ৫০টি স্মার্টফোন জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শো-রুম মালিক শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শো-রুম মালিক কবিরুল ইসলাম জানান, গত সোমবার দুপুরে বিজিবি’র পোশাক পরা ৩ ব্যক্তি মোটরসাইকেলযোগে তার শো-রুমে আসেন। তাদের একজন সরাসরি শো-রুমে ঢুকে একের পর এক ফোন দেখা শুরু করেন এবং নিজে ও অন্য সদস্যদের মাধ্যমে ৫০টি স্মার্টফোন জোর করে নিয়ে মোটরসাইকেলযোগে চলে যান। শো-রুমে থাকা সিসি ক্যামেরার ফুটেজে সে দৃশ্য ধরা পড়েছে।

শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, বিজিবি’র তিন সদস্যের বিরুদ্ধে জিডি করা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।

এ ব্যাপারে বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতেই বিজিবি সদস্যরা ওই দোকানে অভিযানে যান। ভিডিও ফুটেজের বিষয়টি শোনার পর তিন সদস্যকে ব্যাটালিয়নে ডেকে আনা হয়েছে। তবে, ভিডিও ফুটেজ ধারণটি কারও উদ্দেশ্যপ্রণোদিত কি না এবং এ ঘটনায় বিজিবি সদস্যদের ভুলভ্রান্তি আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত