বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের কেন্দ্রীয় ও জেলা নেতারা এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে জোটের জেলা সমন্বয়ক আবদুর রশিদ বলেন, ‘গত ৩০ ডিসেম্বর ভুয়া ভোটের নির্বাচন বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি বাস্তবায়ন না হওয়ায় বাম গণতান্ত্রিক জোট আগামী ২৪ জুন বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেবে না। দলনিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচনসহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে জোটের আন্দোলন অব্যাহত থাকবে।’ গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সংবাদ সম্মেলনে জোটের কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন ও লিয়াকত আলী, জেলা সিপিবি সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোটে সাইফুল ইসলাম পল্টু, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সামছুল আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সমন্বয়ক শাহাদৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজ্জাদ জহির চন্দন বলেন, আগামী ২৪ জুন অনুষ্ঠেয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। কারণ সরকারের সেই সদিচ্ছা নেই। সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার ঘটনা প্রমাণ করে, সরকার দেশে কোনো সুষ্ঠু ভোট হতে দেবে না।
