নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীর পশ্চিম তীর দখল করে গড়ে তোলা আল মোস্তফা গ্রুপের চারতলা ভবন গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী ও উপপরিচালক মো. শহীদুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
এ ছাড়া নদী দখল করে ডকইয়ার্ড সম্প্রসারণ করায় ইউরো মেরিন শিপ বিল্ডার্স নামের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, মেঘনার দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ছয় দিনব্যাপী অভিযান পরিচালিত হবে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের অভিযানে আল মোস্তফা গ্রুপের চারতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া নদী দখল করে ডকইয়ার্ড সম্প্রসারণ করায় ইউরো মেরিন শিপ বিল্ডার্স নামের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেলা ৩টা পর্যন্ত চলে এ অভিযান।
