কঠিন ফরম্যাটের কারণে এবারের বিশ্বকাপ খুবই চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার জন্য শুরুর দিককার ম্যাচগুলো অনেক কঠিন বলে ধারণা তার।
দশ দলের অংশগ্রহণে আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের। লিগ পর্বের এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে-অপরের সঙ্গে নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শীর্ষ চার খেলবে সেমি-ফাইনালে। এমন ফরম্যাটের টুর্নামেন্টে ফাইনাল খেলতে হলে ধারাবাহিকতার কোনো বিকল্প নেই।
সাউথ্যাম্পটনে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের কোহলি বলেন, “ফরম্যাটের বিবেচনায় এটা নিশ্চিতভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং একটি বিশ্বকাপ হবে। তাছাড়া, আপনি যদি সবগুলো দলের দিকের তাকান দেখবেন সবাই খুব কাছাকাছি শক্তির।”
“এমনকি আফগানিস্তানের মতো শক্তিশালী। ২০১৫ সালের পর থেকে দলটি অনেক উন্নতি করেছে। প্রতিটা ম্যাচই আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে খেলতে হবে।”
প্রথম চার ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই ম্যাচগুলো নিজেদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোহলি, “ভালো ব্যাপার হলো ম্যাচগুলোর মধ্যে বেশ বিরতি আছে।...আমাদের চারটি কঠিন ম্যাচ আছে। ম্যাচগুলো দিয়ে একটা ছন্দ খুঁজে নিতে হবে আমাদের। আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। এটা বিশ্বকাপ।”
