চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ২২ মে ২০১৯, ০৭:৩৫ পিএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে এক গৃহবধূকে ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম খালেদা ইয়াসমিন বুধবার দুপুরে তিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  এ মামলার চার আসামীর মধ্যে এক আসামি পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো, গাড়ি চালক হাবিবুর রহমান (নয়ন) (২৮), হেলপার মো. খালেক ভুট্টো (২৩) অপর আসামি আশরাফুল (২৬)। এ ঘটনায় পলাতক রয়েছে গাড়ির সুপার ভাইজার রেজাউল করিম জুয়েল (৩৮)।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম। তাকে সহায়তা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১ এপ্রিল কালিয়াকৈরের মৌচাকে কর্মরত এক গার্মেন্টস কর্মী টাঙ্গাইলের ধনবাড়ি বাসস্ট্যান্ড থেকে ভোর পাঁচটার দিকে ‘বিনিময় পরিবহনের’ একটি বাসে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয়।

 

এ সময় বাসে যাত্রী না থাকার সুযোগে বাসটি কিছুদূর যাওয়ার পর কন্টাকটার বাসের জানালা দরজা বন্ধ করে দেয়। পরে গাড়ির চালক হাবিবুর রহমান নয়ন তাকে পেছনের সিটে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পালাক্রমে বাসের কন্টাকটার ও হেলপার ধর্ষণ করে। পরে বাসটি ঢাকা না গিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ রোডের একটি ফাঁকা জায়গায় ওই গৃহবধূকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরে ওই গৃহবধূ মধুপুর বাসস্ট্যান্ড এসে তার স্বামীকে বিষয়টি জানালে স্বামী তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত বাসের চালক, হেলপার ও সুপার ভাইজারকে ঐদিনই গ্রেপ্তার করে।

গৃহবধূর স্বামী বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত শেষে  চার জনকে আসামি করে চার্জশিট দিয়ে ছয়জনকে অব্যাহতি প্রদান করে।

গ্রেপ্তারকৃত তিন আসামি আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করেন। গৃহবধূকে আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করা হয়। জবানবন্দিতে গৃহবধূ আশরাফুল নামের আরো একজনের নাম উল্লেখ করে। এতে মোট আসামীর সংখ্যা দাঁড়ায় ১০ জন।  এ মামলায় বাদীসহ ৯ জন আদালতে সাক্ষী প্রদান করে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল কোর্ট ইন্সপেক্টর মো, আনোয়ারুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত