সোনালি চুলের ধারা, নীলাভ চোখ, সুঠাম দেহ!- স্টুয়ার্ট ব্রডকে প্রথম দিন দেখে চোখই ফেরাতে পারছিলেন না জেমস অ্যান্ডারসন। অভিব্যক্তি, “মাই গড, শি ইন বিউটিফুল।” অর্থাৎ সতীর্থকে প্রথমে মেয়ে ভেবে ফেলেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। নিজের লেখা বই ‘বোল.স্লিপ.রিপিট’-এ এমনটাই জানালেন তিনি।
বইটিতে সতীর্থ অফ-স্পিনার গ্রায়েম সোয়ানেরও একটি মজার স্মৃতি তুলে ধরেছেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার অ্যান্ডারসন। একবার দলের সঙ্গে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সাক্ষাতের সময় অনেক শব্দ করে বায়ু ছেড়ে হাসির পাত্র হয়েছিলেন সোয়ান।
ব্রডকে নিয়ে অ্যান্ডারসন লিখেছেন, “প্রথমবার স্টুয়ার্ট ব্রড যখন তার মাথার সোনালি চুল, আকর্ষণীয় নীলাভ চোখ ও সুঠাম দেহ নিয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটছিল, আমি ভেবেছিলাম, ‘মাই গড, শি ইজ বিউটিফুল’।”
“এটা অবিশ্বাস্য যে, আমরা দুইজন মিলে ১০০০টির বেশি উইকেট নিয়েছি। বোলার হিসেবে কখনোই আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল না। কারণ আমাদের দক্ষতা ছিল ভিন্ন।”
জুটি গড়ে বল করতে দুজনের মধ্যে বোঝাপড়াটা কেমন ছিল সেটাও জানাতে গিয়ে অ্যান্ডারসন বলেন, “জুটি গড়তে যা প্রয়োজন আমাদের মধ্যে সেই মানসিকতাটা ছিল। নিজেদের মধ্যে কথা বলা আমাদের খুব সাহায্য করেছে।...আমরা সবসময়ই একে অন্যের বিষয়গুলো দেখভাল করেছি।”
“‘প্রথমে আমার একটা ধারণা ছিল, ব্রড কিছুটা দুর্বল কোমল প্রকৃতির। তবে সে এমন নয়। সে কঠোর পরিশ্রম করে।”
