নজরুল জয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রকাশ হয়েছে রত্না দাসের সুললিত কণ্ঠে গাওয়া নজরুলের দুটি গান। নজরুলের নতুন নেশার আমার এ মদ গানটির মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে পৃথ্বীরাজের সংগীতায়োজনে এবং জিলাপির ব্যানারে।
গানটি চিত্রায়ণ সম্পর্কে রত্না দাস বলেন, আহমেদ হিমু, আমি ও পৃথ্বীরাজ কাজটিকে মনোযোগ দিয়ে কাজ করেছি। ফিউশন টাইপ। নজরুলের গান চির আধুনিক। তাই আধুনিক ফরম্যাটে করেছি।
রত্না দাস দেশের একজন জনপ্রিয় ও গুণী কণ্ঠশিল্পী। নজরুল সৃষ্ট গান, সুর সংগীতকে হৃদয়ে ধারণ করেই তার নজরুল সংগীত শিল্পী হয়ে ওঠা।
গানের প্রতি ভালো লাগার সূচনাটা কখন থেকে? এর উত্তরে বলেন, ছোটবেলায় যখন নাচ শিখতাম, তখন থেকেই নজরুলের গান ভালো লাগে। আমি তখন ক্লাস টুতে পড়ি। আমার নজরুল সংগীত শেখার ক্ষেত্রে স্কুলের ভূমিকাও আছে। আমার স্কুল ছিল জয়দেবপুরের বরমী গ্রামে। স্কুলে প্রতি বৃহস্পতিবার বিচিত্র নামে অনুষ্ঠান হতো। ছেলেমেয়েরা গান পারুক বা নাই পারুক, সবাইকে অংশগ্রহণ করতে হতো। নজরুলের গানের সঙ্গে আমরা নৃত্য পরিবেশন করতাম। তো, স্কুলে নাচের পাশাপাশি বাধ্যতামূলক গান করতে গিয়ে তাই নজরুল সংগীতই করতাম। সেই থেকেই নজরুলের গানের প্রতি ভালো লাগার শুরু।
