জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে রুহুল আমিন হাওলাদারকে কমিশন থেকে শিগগিরই নোটিস পাঠিয়ে তার সম্পদের হিসাব চাওয়া হবে। হাওলাদারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে দুদক এর আগে তিন দফা নোটিস দিলেও হাজির হননি তিনি।
সবশেষ গত ২০ মে রুহুল আমিন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ তলবি নোটিস দিয়েছিলেন। সেদিন তিনি দুদকে না গিয়ে ওমরা হজে যাওয়ার কারণ দেখিয়ে চিঠি দেন।
সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য গত বছরের ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে প্রথম তলব করেছিল দুদক। সে সময় তিনি নির্বাচনের প্রস্তুতির কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। এরপর তাকে আরেকটি নোটিস পাঠান দুদকের অনুসন্ধান কর্মকর্তা। এতে ২৮ মার্চ তাকে হাজির হতে বলা হয়।
