এবার বিভিন্ন মার্কেট ও শপিংমলে অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার দিনব্যাপী অভিযানে চট্টগ্রাম নগরের চিটাগাং শপিং কমপ্লেক্স দুই থেকে তিনগুণ বেশি দামে কাপড় বিক্রি এবং কাপড়ের গায়ে কোনো মূল্য তালিকা না রাখায় লাখ টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বাজার তদারকির অংশ হিসেবে চিটাগাং শপিং কমপ্লেক্স অভিযান চালানো হয়ে। অভিযান শুরুর আগে ছদ্মবেশে মার্কেটের পরিস্থিতি পর্যবেক্ষণে পাঠানো হয়। সেখানে নানা অনিয়ম ও অভিযোগের চিত্র উঠে আসে। পরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, ভারত থেকে আমদানি করা শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিস, বাচ্চাদের কাপড়ের কাগজপত্রের মূল্যের সঙ্গে দোকান মালিকরা কোড আকারে পণ্যের গায়ে ও রেজিস্টারে যে মূল্য লিখেছে তা মাত্রাতিরিক্ত। যা নির্ধারিত মূল্যের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি।
তিনি জানান, চিটাগাং শপিং কমপ্লেক্সে এ সময় দোকান মালিক সমিতির সভাপতি, সম্পাদককে সঙ্গে নিয়ে ২০টি দোকান পরিদর্শন করা হয়। এ সময় ১৫টি দোকানেই অনিয়মের চিত্র উঠে আসে।
‘এমনকি কোনো ধরনের মূল্য তালিকা বা পণ্যের গায়ে প্রাইস ট্যাগও রাখা হয়নি। এসব অভিযোগে চিটাগাং শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতি সভাপতি সহিদুল আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়’।
এ ছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের বৃহত্তম মার্কেট টেরিবাজার, আফমী প্লাজা, মিমি সুপার মার্কেট, সেন্ট্রাল প্লাজা, সানমার ওশান সিটি, আখতারুজ্জামান সেন্টারসহ বেশ কয়েকটি মার্কেটে অভিযান পরিচালনা করে, দোকান মালিক সমিতিকে নির্ধারিত মূল্যে ঈদের পোশাক বিক্রির জন্য বলা হয়।
