বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচকেও গুরুত্বের সঙ্গে নিচ্ছে ছন্দে থাকা বাংলাদেশ। ছন্দে পতন ঘটাতে চায় না তারা। জয়ের ধারায় থাকার দৃঢ় মনোভাব নিয়েই ঝালিয়ে নেওয়ার মঞ্চে দুটি ম্যাচ খেলবে টাইগাররা।
দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মাশরাফীবাহিনী। একই ভেন্যুতে আগামী মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা।
পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের আগের দিন সাংবাদিকদেরকে বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচ দুটিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না তার দল।
“খুব অল্প সময় হাতে আছে। মূল ম্যাচের আগে প্রস্তুতিটা অনেক গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস ম্যাচ দুটিও অনেক গুরুত্বপূর্ণ। দেখা যাক কন্ডিশন সম্পর্কে আমরা কোনো ধারণা পেতে পারি কি-না, সেক্ষেত্রে মূল ম্যাচ সহজ হয়ে যাবে। নিজেদের ঘাটতি দূর করার জন্যও প্রস্তুতি ম্যাচ জরুরী।”
“কোনো গা-ছাড়া ভাব নেই। সবসময়ই সব ম্যাচ আমাদের কাছে গুরুত্ববহ। প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারলে মূল ম্যাচে লড়াই সহজ হবে। বিশ্বকাপের ম্যাচ অবশ্যই অনেক হাই ভোল্টেজের, অনেক চাপ থাকবে। এখানে শতভাগ দিতে পারলে ওখানে কাজ সহজ হয়ে যাবে।”
