প্রতি ঈদেই দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে ইত্যাদিতে ব্যতিক্রমধর্মী বিষয়ভিত্তিক দেশাত্মবোধক গান করা হয়। এবারের ঈদ ইত্যাদিতে প্রচারিতব্য দেশাত্মবোধক গানটিতে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মণ্ডল। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
গানের প্রথম দু’লাইন হচ্ছে-‘বাংলাদেশের আকাশে যেই উঠল ফুটে চাঁদের হাসি, বলল আকাশ, এদেশটাকে ভালোবাসি ভালোবাসি...’। গানটির চিত্রায়ণে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর শতাধিক শিক্ষার্থী। কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পনসর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
