বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) যোগাদান করেছেন নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। গতকাল কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ইউজিসির ১৩তম চেয়ারম্যান।
দায়িত্ব হস্তান্তরকালে প্রফেসর ইউসুফ আলী মোল্লা বলেন, ‘নবনিযুক্ত চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা-গবেষণা এবং ইউজিসির সামগ্রিক কার্যক্রম বেগবান হবে।’
এ সময় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘আমার মূল চ্যালেঞ্জ হবে দেশে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করা। গবেষণার সংখ্যা ও মান বৃদ্ধি করা। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বের ভালো মানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় এনে র্যাংকিংয়ে আনা।’
তিনি বলেন, ‘আমার দায়িত্ব সরকারের নিয়মনীতি মেনে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের তদারকি প্রতিষ্ঠান ইউজিসিকে পরিচালনা করা।’ এ সময় তিনি ইউজিসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-শৃঙ্খলা ও বিধিবিধান মেনে সততা-নিষ্ঠার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, ইউজিসি সচিব ড. মো. খালেদ এবং ইউজিসির বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা কমিশনের সদস্য এবং কর্মকর্তাদের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
