যশোরের শার্শায় ছেলে-মেয়েকে বিষ ট্যাবলেট খাইয়ে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
তবে তার স্বজনদের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন তাদের খাবারে বিষ দিয়ে হত্যা করেছে।
নিহতরা হলেন- উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া দীঘা গ্রামের চা দোকানি ইব্রাহীম হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৫), স্কুল পড়ুয়া মেয়ে শরিফা খাতুন (১১) ও ছেলে সোহান হোসেন (৪)।
শার্শা থানার ওসি মশিউর রহমান জানান, গত রবিবার রাত ১২টার দিকের এ ঘটনায় হামিদার শ্বশুর আরাফাত হোসেন, শাশুড়ি মরিয়ম বেগম ও প্রতিবেশী ছিদ্দিক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না। বিষয়টি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ পিংকু বলেন, ‘হামিদা ও তার শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। ছেলে-মেয়ে নিয়ে আত্মহত্যায় শ্বশুর বাড়ির লোকজনের ইন্ধন থাকতে পারে।’
হামিদার বোন রহিমা খাতুন বলেন, ‘সন্তানসহ তার বোন আত্মহত্যা করেনি। তাদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়েছে।’
