নোয়াখালী মাইজদী শহরে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার রাতে শহরের নোয়াখালী সুপার মার্কেটের সামনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়।
দণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল মতিন (৪২) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাছারগাঁও গ্রামের মনোহর উদ্দিনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, রোববার রাতে আব্দুল মতিন নোয়াখালী সুপার মার্কেটের সামনে খাঁচায় একটি শিয়াল শাবক আটকে রেখে পাতিল ভর্তি শিয়ালের মাংস বিক্রি করছিলেন।
এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তিনি আদালতের কাছে দোষ স্বীকার করেন।
এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৪'র ‘খ’ ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর আব্দুল মতিনকে জেলা কারাগারে পাঠানো হয়।
রোকনুজ্জামান আরো জানান, উদ্ধার শিয়াল শাবকটি বন বিভাগের মাধ্যমে বনে ছেড়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ফেলার আদেশ দেওয়া হয়েছে।
এ সময় বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান, ড্রাগ সুপার মাসুদ হাসান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা উপস্থিত ছিলেন।
