ইউএন-হ্যাবিটেট অ্যাসেম্বলি

রোহিঙ্গাদের দেওয়া আন্তর্জাতিক সহায়তা পর্যাপ্ত নয় : গণপূর্তমন্ত্রী

আপডেট : ২৮ মে ২০১৯, ০২:০২ এএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। কিন্তু সে সহায়তা পর্যাপ্ত নয়। গতকাল সোমবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে বাসস্থান নিয়ে জাতিসংঘের সমাবেশের (ইউএন-হ্যাবিটেট অ্যাসেম্বলি) প্রথম অধিবেশনের একটি সেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওই অধিবেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। সেশনের প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর গণহত্যার কথা বাংলাদেশ ভুলে যায়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের সেই দিনগুলোর কথা সবসময় স্মরণ করেন। তাই যখন মিয়ানমার সরকার ও সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত গণহত্যা শুরু করল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক অনুভূতি থেকে সীমান্ত খুলে দিলেন এবং বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের প্রবেশ করতে দিলেন। যদি আমরা সীমান্ত না খুলে দিতাম, অধিকাংশ রোহিঙ্গা জনগোষ্ঠী নির্মম হত্যাযজ্ঞের শিকার হতো।’

কেনিয়ার রাজধানী নাইরোবিতে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী ইউএন-হ্যাবিটেট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। ওই অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সরকারি, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ অধিবেশনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত