ঈদযাত্রীদের নিরাপত্তায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ শতাধিক কর্মী

আপডেট : ২৮ মে ২০১৯, ০৩:৩১ পিএম

ঈদ যাত্রা নির্বিঘ্নে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের যাত্রী নিরাপত্তায় ৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এই নৌরুটে বাড়ানো হচ্ছে ফেরির সংখ্যা। ছোট-বড় গাড়ির জন্য করা হচ্ছে আলাদা লেন।

এছাড়া ঈদের আগে ও পরে তিন দিন বন্ধ রাখা হবে পণ্যবাহী ট্রাক, লরিসহ ভারী যানবাহন পারাপার। সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিআইডব্লিউটিএ। সবকিছুর পরও যাত্রীরা বলছেন, কিছু অনিয়মের কারণে বাড়বে ভোগান্তি।

দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদ পূর্ববর্তী ও পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিআইডব্লিউটিএ একাধিক সভা করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

ঘাটের যানজট নিরসন ও ফেরিঘাট এলাকার সার্বিক পরিস্থিতি তদারকির জন্য মানিকগঞ্জ পুলিশ প্রশাসন মহাসড়ক ও ফেরিঘাট এলাকার বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। কোনো যাত্রী যেন হয়রানি না হয় সেজন্য পুলিশ কন্ট্রোল রুম থেকে তা নিয়মিত তদারকি করা হবে।

বিআইডব্লিউটিএ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বিকল হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ভাসমান ফেরি মেরামত কারখানাও প্রস্তুত রেখেছেন।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, বর্তমানে এই নৌরুটে ১৬টি ফেরি চললেও ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে এই বহরে আরও ৪টি ফেরি যুক্ত হবে।

image

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বলেন, ফেরির পাশাপাশি যাত্রী পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচল করবে ছোট বড় মিলে মোট ৩৪টি লঞ্চ।

ময়নুল হোসেন নামে ফেরি যাত্রী বলেন, “গাবতলী থেকে মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঘাট পর্যন্ত ৪ লেন সড়ক করলে অনেকটা যানজট কম থাকবে।

রাজবাড়ির বাস চালক মামুন বলেন, “বিআইডব্লিউটিসি একটি সিন্ডিকেটের মাধ্যমে সারা বছরই টাকার বিনিময়ে সিরিয়াল দিয়ে থাকেন। ঈদ এলে তারা আরও বেপরোয়া হয়ে পড়েন। কোনো যানবাহন ২-৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়, আবার টাকা বেশি দিলে খুব সময়ের মধ্যেই ফেরিতে উঠা যায়। কর্তৃপক্ষ যদি সিরিয়াল সঠিকভাবে পরিচালনা করে অনেকটা যানজট কম থাকবে।

তবে টাকার বিনিময়ে সিরিয়াল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, “পাটুরিয়া ঘাট এলাকাতে যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য জেলা প্রশাসন (মোহনা) নামে একটি কন্ট্রোল রুমের ব্যবস্থা করেছে। ঘাট এলাকাসহ রাস্তার ধারে ২০টি অস্থায়ী শৌচাগার নির্মাণ, টিউবওয়েল স্থাপন এবং প্রাথমিক চিকিৎসার্থে হেলথ ক্যাম্প স্থাপন করা হয়েছে।”

মানিকগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ( ইঞ্জিনিয়ার) মোবারক হোসেন বলেন, “ফিটনেসবিহীন যানবাহন যেন ঈদে ঘরমুখী যাত্রী তুলে মহাসড়কে বিড়ম্বনায় না ফেলে তার জন্য আমাদের টিম সার্বক্ষণিক মহাসড়কে নিয়োজিত থাকবে।”

এ ব্যাপারে মানিকঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম বলেন, “যানজট এড়াতে, চুরি, ছিনতাই রোধে, অজ্ঞান ও মলম পার্টিসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ৩৬ কিলোমিটার সড়কজুড়ে ৫ শতাধিক পুলিশ সদস্য কাজ করে যাবে।”

মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে আমাদের একাধিক টিম নিয়োজিত থাকবে। ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে মিটিং করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত