‘স্বপ্নের ম্যাচে’ সাইফউদ্দিনের ইয়র্কারে ধরাশায়ী কোহলি

আপডেট : ২৮ মে ২০১৯, ০৫:৫৫ পিএম

প্রস্তুতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে মাঠে নামার আগে রোমাঞ্চিত ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে খেলা তার ছোট বেলার স্বপ্ন। সেই স্বপ্নের ম্যাচে সাইফউদ্দিন পেলেন বিরাট কোহলির মহামূল্যবান উইকেট। ভয়ংকর হয়ে ওঠা ভারত অধিনায়ককে ফেরালেন দুর্দান্ত ইয়র্কারে।

১৯তম ওভারের চতুর্থ বলে কোহলিকে বোল্ড করেন সাইফউদ্দিন। তার ইয়র্কার বলটি যেন বুঝতেই পারলেন না কোহলি। ফ্লিক করতে চেয়েছিলে। কিন্তু স্টাম্প উপড়ে দেয় সাইফউদ্দিনের বলটি। ৪৬ বলে ৫ চারে ৪৭ রান করে ফিরেছেন কোহলি। এই প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ১০৭/৪। কোহলিকে ফেরানোর পর বিজয় শংকারকে ফিরিয়েছেন রুবেল।

এর আগে শুরুতেই শিখর ধাওয়ানকে ফিরিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে বিরাট কোহলিকে নিয়ে আরেক ওপেনার রোহিত শর্মা উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন। এই জুটি যখন ভয়ংকর হওয়ার আভাস দিচ্ছিল, ঠিক তখনই আঘাত হানলেন রুবেল হোসেন। নিজের প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়েছে ডানহাতি পেসার।

দলীয় ১৪তম ওভারে রুবেল প্রথম বল হাতে নিয়েই রোহিতকে ফিরিয়ে দেন। রুবেলের শর্ট বল পুল করতে চেয়েছিলেন রোহিত। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল স্টাম্পে আঘাত হানে। তাতে ৫০ রানে ২ উইকেট হারায় ভারত। ৪২ বলে ১ চারে ১৯ রান করেছেন রোহিত। এর আগে দলীয় ৫ রানে মোস্তাফিজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শেখর ধাওয়ান।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হয়েছে ম্যাচ বাংলাদেশ ও ভারতের মধ্যকার আইসিসির অফিশিয়াল প্রস্তুতি ম্যাচটি। টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত