মালয়েশিয়ায় বিপন্ন সুমাত্রা প্রজাতির শেষ পুরুষ গন্ডারের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০১৯, ০৮:০১ পিএম

মালয়েশিয়ায় মারা গেছে সুমাত্রা গন্ডারের শেষ পুরুষ প্রাণীটি। দেশটিতে এ প্রজাতির একটি গন্ডারই বেঁচে আছে এখন, সেটি নারী।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার শেষ পুরুষ সুমাত্রা গন্ডারটি মারা যায়। এখন একমাত্র একটি নারী গন্ডারই বেঁচে রয়েছে।  খুব দ্রুত পৃথিবীর বুক থেকে মুছে যাবে এই প্রজাতির গন্ডার, এমনটিই আশঙ্কা প্রাণী গবেষকদের।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিওডব্লিওএফ) তথ্য অনুযায়ী, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া জুড়ে এই প্রজাতির গন্ডার পাওয়া যেত। থাইল্যান্ডেও কিছু সংখ্যক ছিল বলে ধারণা করা হতো।

রাইনোসরাস গোষ্ঠীর সবচেয়ে ছোট প্রজাতির গন্ডার এটি। এশিয়ায় এই প্রজাতির গন্ডারই দুটো শিং এবং তা চুল দ্বারা আবৃত থাকে। কিন্তু বিপন্ন হতে হতে এখন মাত্র ৩০ থেকে ৮০টি গন্ডার রয়েছে এই প্রজাতির। ইন্দোনেশিয়ার দ্বীপে এগুলোর দেখা পাওয়া যায়।

মৃত গন্ডারটির নাম ছিল ট্যাম। বর্নেও দ্বীপে একটি রিজার্ভ ফরেস্টে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে কী কারণে এটির মৃত্যু ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত অসুখে ভুগছিল সে।

মালয়েশিয়ায় অবশিষ্ট নারী গন্ডারটি শারীরিক সমস্যার কারণে কোনো দিন মা হতে পারবে না

×
সর্বশেষ সর্বাধিক পঠিত