ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন্ধের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৮ মে ২০১৯, ০৮:১৮ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রয়েল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার শিকার হয়ে রুবি আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন ও রোগীর স্বজনরা। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর ডাক্তারের ভুল অপারেশনের কারণে প্রসূতি রুবির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিহত রুবি আক্তার সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

সোমবার চন্দ্রগঞ্জের রয়েল হসপিটালে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান প্রসব করেন তিনি।

রোগীর স্বজনরা জানান, সোমবার বিকেলে রুবিকে রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ চৌমুহনী থেকে ডাক্তার মঞ্জুরুল ইসলাম ও শাহীনকে ডেকে এনে তার অপারেশন করে। এ সময় রুবি একটি পুত্র সন্তান প্রসব করেন। তবুও রক্তক্ষরণ জনিত কারণে রুবিকে কুমিল্লা টাওয়ার হসপিটালে পাঠানো হয়। কুমিল্লা টাওয়ার হসপিটালে অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়ার পথে রুবি আক্তারের মৃত্যু হয়। নবজাতক সুস্থ রয়েছে।

ভুল চিকিৎসার শিকার হয়ে মারা যাওয়ার ঘটনার খবরে প্রসূতি রুবি আক্তারের স্বজনরা ওই হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রফিকুল ইসলাম, আবুল আসাদ ও রোগীর কয়েকজন স্বজনের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর ডাক্তারের ভুল অপারেশনের কারণে রুবি আক্তারের মৃত্যু হয়েছে। অপারেশন করেই ডাক্তার হসপিটাল ছেড়ে চলে গেছেন। অথচ নিয়ম রয়েছে, যে ডাক্তার অপারেশন করবে, বিশেষ করে এনেস্থেসিয়া ডাক্তার ২৪ঘন্টা অর্ভাজেবশন করবে। কিন্তু কোন ডাক্তার ছিলো না। এ ঘটনার সুষ্ঠু বিচার ও লাইসেন্সবিহীন এ হাসপাতাল বন্ধেরও দাবি জানান তারা।

রয়েল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ সোলায়মান জানান, আমরা চৌমুহুনি থেকে দুইজন ডাক্তারকে অনকলে আনি। উনারা অপারেশন শেষ করে চলে যাওয়ার পর প্রসূতির রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি ঘটলে আমরা রোগীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করি।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত