গাজীপুরে ২৫ লাখ জাল ডলারসহ লাইবেরিয়ান নাগরিক আটক

আপডেট : ২৮ মে ২০১৯, ০৯:৪৪ পিএম

গাজীপুরে সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ি এলাকা থেকে ২০ কোটি টাকা সমমূল্যের ২৫ লাখ জাল আমেরিকান ডলারসহ এক লাইবেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ডলারসহ তাকে আটক করা হয়। আটক মোস্তফা আলী ওরফে জজ মাশাও (৪০)।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, প্রায় এক মাস আগে স্থানীয় এক ব্যাংকারের সঙ্গে মোস্তফার ফেসবুকে পরিচয় হয়। তাদের চুক্তি মোতাবেক ওই ব্যাংকারকে আমেরিকান ২৫লাখ ডলার সরবরাহের জন্য লাইবেরিয়ান নাগরিক মাশাও মঙ্গলবার গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারবাড়ি এলাকায় গিয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালায় এবং মাশাওকে  আটক করে। পরে তার কাছ থেকে ২০কোটি টাকার সমমূল্যের আমেরিকান ২৫ লাখ জাল ডলার এবং জাল ডলার তৈরির সামগ্রী  জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওই র‌্যাব কর্মকর্তা আরো জানান, এক সপ্তাহ আগে মাশাও ওই ব্যাংকারকে জানান, বিমানবন্দরে মাশাওয়ের আনা ডলারের ভোল্ট আটক করা হয়েছে। তা ছাড় করতে ৭ লাখ টাকা প্রয়োজন। পরে ডাচ বাংলা একাউন্টের মাধ্যমে ওই টাকা পাঠালে মাশাও ওই টাকা তুলে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত