‘ব্রিটেনের অর্থনীতিতে ভূমিকা রাখছে সিলেটের মানুষ’

আপডেট : ২৯ মে ২০১৯, ১২:৩৫ এএম

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক অত্যন্ত গভীর বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। গতকাল মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘সুদীর্ঘকাল থেকে সিলেট অঞ্চলের প্রচুর মানুষ ব্রিটেনে বসবাস করছেন। তারা সে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’ সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সিলেট নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মেয়রের কাছ থেকে অবহিত হন। এ সময় মেয়র বলেন, ‘দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তিনি নগরীকে জলাবদ্ধতা ও যানজটমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এজন্য নগরীর সড়কগুলো প্রশস্ত করা হচ্ছে এবং খাল-নালা উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত এ নগরীতে মাস্টারপ্ল্যান অনুযায়ী উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।’

মেয়র আরিফ সিলেটের উন্নয়নে যুক্তরাজ্য সরকারের কারিগরি সহযোগিতা কামনা করলে বিষয়টি ভেবে দেখবেন বলে জানান রবার্ট ডিকসন। এ সময় ব্রিটিশ হাইকমিশন ও সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত