ধর্ম বইয়ের পাতায় ওষুধ মুড়িয়ে দেওয়ায় পাকিস্তানে তুলকালাম

আপডেট : ২৯ মে ২০১৯, ১০:০১ এএম

ধর্ম বইয়ের পাতায় ক্রেতাকে ওষুধ মুড়িয়ে দেওয়ায় পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক হিন্দু পশু চিকিৎসকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে।

বিবিসি জানায়, এ ঘটনায় চিকিৎসকের ক্লিনিকসহ চারটি স্থানীয় দোকান লুট করার পর সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে।

ওই চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তিনি যে কাগজটি ব্যবহার করেছিলেন, সেটি স্কুলের ইসলাম শিক্ষা বইয়ের একটি কাগজ ছিল।

ওষুধ মোড়ানোর কাজে কাগজটি ব্যবহার করা তার ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

জানা গেছে, স্কুলের ইসলাম শিক্ষা বইয়ের একটি পাতা দিয়ে মুড়িয়ে একজন গ্রাহককে তার গবাদিপশুর জন্য ওষুধ দেন ওই চিকিৎসক। কিন্তু গ্রাহক ধর্মীয় লেখা দেখে সে প্যাকেটটি নিয়ে স্থানীয় ধর্মীয় নেতার কাছে গেলে তিনি পুলিশকে খবর দেন।

রাজনৈতিক দল জামিয়াত উলেমা-এ-ইসলামীর একজন স্থানীয় নেতা হাফিজ-উর-রেহমান বিবিসি উর্দুকে বলেন, চিকিৎসক এই কাজটি ইচ্ছা করে করেছেন।

তবে পুলিশ বলেছে, ওই চিকিৎসক এই কাজ ভুলবশত করেছেন বলে তাদের জানিয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং কোরাআন অবমাননার দায়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

মিরপুর খাস এলাকার পুলিশ কর্মকর্তা জাভেদ ইকবাল বলেন, যারা দোকানে আগুন দেওয়া এবং লুটের সঙ্গে জড়িত ছিলেন তাদের গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত