ঈদ উপলক্ষে বাস টার্মিনালগুলোতে হলুদ রেখা টেনে নির্দেশনা দেওয়া হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বুধবার ঢাকার গাবতলী বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি নতুন ব্যবস্থার কথা জানান।
এই ব্যবস্থায় টার্মিনালের সীমানায় একটি হলুদ রেখা টেনে দেবে পুলিশ; ওই রেখা অতিক্রমের পর কোনো বাস আর দাঁড়িয়ে থাকতে পারবে না।
ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় বাস টার্মিনালে যাত্রীদের বাড়তি চাপ থাকে। বাসগুলো নির্বিঘ্নে ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে টার্মিনালের মুখগুলো ফাঁকা রাখতে হবে।
‘যাত্রী উঠা-নামা হবে টার্মিনালের ভেতরে। কোনো অবস্থাতেই রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করা যাবে না। আমরা টার্মিনালের সীমানা হলুদ রেখা দিয়ে নির্ধারন করে দিয়েছি। টার্মিনাল থেকে বাসে যাত্রী উঠিয়ে হলুদ রেখা অতিক্রম করলেই আর সেই গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। চলে যেতে হবে গন্তব্যে।’
বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আছাদুজ্জামান মিয়া।
কেউ এসব অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বাস মালিক সমিতির নেতাদের অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “মাদকাসক্ত কাউকে ড্রাইভিং সিটে বসাবেন না। মাদকাসক্ত বলে কাউকে সন্দেহ হলে তাকে ডোপ টেস্ট করান। আমরা সহযোগিতা করব।”
যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি বন্ধে পুলিশ সদস্যদের সজাগ থাকার নির্দেশনাও দেন তিনি।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
