কোটি টাকার বিনিময়েও ভারতীয় নারীদের অপমানে রাজি হননি নায়িকা

আপডেট : ৩০ মে ২০১৯, ০৯:১২ এএম

কিছুদিন আগে দু-কোটি রুপির একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব নাকচ করেছেন দক্ষিণ ভারতীয় নায়িকা সাঁই পল্লবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই ধরনের বিজ্ঞাপন করা মানে ভারতীয় নারীকে অপমান করা। যেটা আমি কখনোই করতে পারব না, এটাই ভারতীয়দের রং।”

একজন মানুষের চামড়ার রং কালো হতেই পারে, তাই বলে ফরসা হওয়ার ক্রিম ব্যবহার করার প্রয়োজন নেই, মনে করেন পল্লবী। আফ্রিকানদেরও চামড়ার নিজস্ব রং আছে। তাই তিনি এই বিজ্ঞাপনটিকে সমর্থন করেননি। টাকার অঙ্ক বড় হলেও তার কাছে আত্মসম্মান সবার ওপরে।

‘কালি’ সিনেমার নায়িকা জানান, “আমার চাহিদা কম, শুধুমাত্র টাকা উপার্জন করা আমার লক্ষ্য নয়। আমার চারপাশের মানুষ খুশি থাকুক সেটাই আমি চাই। আমি বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে একই টেবিলে খাব, এর থেকে বেশি কিছু আশা করি না।”

কয়েক বছর আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতও এই ধরনের বিজ্ঞাপনে কাজ করতে প্রত্যাখ্যান করেন। পরিচালক ও অভিনেত্রী নন্দিতা দাস ‘ডার্ক ইজ বিউটিফুল’ একটি অভিযান করেছিলেন। তার বক্তব্য ছিল, এই ধরনের বিজ্ঞাপন দেখলে নারীরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। যা আসলে ক্ষতিকারক, অনেক সময় এই ধরনের ফেয়ারনেস ক্রিম থেকে ক্যানসারের মত মারণ রোগ শরীরে বাসা বাঁধে। কিন্তু তারপরেও মানুষ নিজেদের সুন্দর দেখানোর ফাঁদে পা দেয়।

‘ফিদা’ ও ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে তামিল অভিনেত্রী সাঁই পল্লবী সিনে ইন্ডাস্ট্রিতে পায়ের নিচে শক্ত মাটি পান। মালায়ালাম ও তেলুগু ভাষাতেও অভিনয় করেছেন। তার মুক্তির অপেক্ষায় থাকা ছবির নাম ‘এনজিকে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত