দুর্নীতির মামলায় দণ্ডিত হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ৩১ মে ২০১৯, ১২:০৪ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সুপ্রিম কোর্টের হাইকোর্টের  বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে বরখাস্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের  ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা  মো. গোলাম ফারুককে বিশেষ মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় দ- প্রদান করা হয়।

গণকর্মচারী অধ্যাদেশ ১৯৮৫ এর ৩ (১) ধারার সাজা প্রাপ্তির কারণে বিদ্যমান অন্য যে কোনো আইনে অথবা বিধি, প্রবিধি, উপ-আইন, দলিলপত্র বা চুক্তি বা চাকরির শর্তাবলীতে যা কিছুই থাকুক না কেন, কোনো কর্মচারী তফসিলে বর্ণিত ফৌজদারী অপরাধে সাজাপ্রাপ্ত হলে, রায় বা সাজার আদেশ ঘোষণার তারিখ হতে তাৎক্ষণিকভাবে চাকরি হতে বরখাস্ত হিসেবে গণ্য হবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি ২৮ মে এক আদেশে ওই কর্মকর্তার সাজার তারিখ (৯ মে) থেকে কোর্টের চাকরি থেকে তাকে বরখাস্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত