বোলারদের আত্মবিশ্বাস বাড়াতে চাই ভালো ফিল্ডিং

আপডেট : ৩১ মে ২০১৯, ০১:০৩ এএম

ক্রিকেট দলগত খেলা। মানসিক জোরটাও প্রয়োজন অনেক। আমি মনে করি একটি দল তখনই অনেক বেশি আত্মবিশ্বাসী থাকে যখন তারা ভালো ফিল্ডিং করে। এবারের বিশ্বকাপে ভালো ফিল্ডিং গুরুত্বপূর্ণ, সেটা আগেই বলেছি। ঢাকা প্রিমিয়ার লিগে যেমন ১২টি দলের খেলা হয়, সেরকম ১০টি দল নিয়ে একটি লিগভিত্তিক খেলা এটা। শীর্ষ চারটা দল যাবে সেমিফাইনালে। আমরা স্থানীয় লিগে যেটা দেখি, অনেক ছোট ছোট দল ভালো ফিল্ডিং করে কিন্তু অনেকবার সুপার লিগে জায়গা করে নিয়েছে। আমাদের ভালো ফিল্ডিং জরুরি কারণ বোলিংয়ে আমরা খানিকটা পিছিয়ে আছি। বোলারদের ঘাটতিটা পুষিয়ে নিতে হলে ভালো ফিল্ডিং জরুরি। আমাদের বোলিং লাইনআপে সেরকম ভয়ংকর বোলার নেই। যেটা রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের। আমাদের এই মুহূর্তে সেরকম কেউ নেই। এ অবস্থায় যদি ফিল্ডিংটা ভালোমানের হয়, বোলাররা তাহলে হয়তো কামব্যাক করতে পারবে। একটা খারাপ বলে যদি কোনো ফিল্ডার চার ঠেকিয়ে দেয়, তখন কিন্তু পরের বলটা সেই বোলার ভালো করার সাহস পাবে। আত্মবিশ্বাসটাও ফিরবে। এখানে যদি ফিল্ডিংটা খারাপ হয়, দলের ভালো বোলাররাও খারাপ হয়ে যাবে। দুয়েকটা ক্যাচ ছাড়ার পর, বাজে ফিল্ডিং করার পর বোলাররা দেখা যাবে বারবার ভুল করছে।

আমরা যদি শুরু থেকে জিততে থাকি একরকম হবে, আর হারতে থাকলে হবে আরেকরকম। হারতে থাকলে যতদিন যাবে দলের মধ্যে বোঝাপড়াটা কমতে থাকবে। একাত্মটা হালকা হয়ে যাবে। প্রথম থেকে জিতলে একাট্টা থাকবে গোটা দল। দেখবেন নেতিবাচক কিছুর প্রভাবটা প্রথম পড়ে ফিল্ডিংয়ের ওপর। ফিল্ডিং করতে হলে চাই সাহস, দলীয় সমঝোতা এবং একাত্ম মনোভাব শতভাগ দেওয়ার প্রবণতা। মাঠে থাকতে হয় সবসময় ইতিবাচক। একজন করে দেখলে আমি বলব আমাদের অনেক ভালো ফিল্ডার আছে। তামিম আছে, সৌম্য তো দুর্দান্ত ফিল্ডিং করে। এরপর লিটন, মোসাদ্দেক, মিরাজও ভালো ফিল্ডার। সিনিয়ররা তো আছেই। সব মিলিয়ে ফিল্ডিং আমাদের কারও চেয়ে বেশি পেছনে রাখা যাবে না। তারপরও মাঠে ভুল হয়। কিন্তু ভুলের মাত্রা যত কম হয় ততই ভালো।

ভারত, পাকিস্তানের পেসাররা ভালো করছে। বিভিন্ন দেশের নির্ভর করার মতো বোলার আছে। যেমন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, রাবাদা, ইমরান তাহির আছে, আমরা কিন্তু সেরকম কোনো নাম এখন নিতে পারছি না। মোস্তাফিজ ছিল ওরকম নাম নেওয়ার মতো। কিন্তু ওর সাম্প্রতিক পারফরম্যান্স ততটা ভালো নয়। ওকে স্বরূপে ফেরাতে হলে আমাদের ফিল্ডারদের বাড়তি চেষ্টা থাকতে হবে মাঠে। এমনিতে আমাদের দলের ফিল্ডিং ভালো। শোল্ডারে একটু জোর কম, থ্রো-ইনের জোর কম। এছাড়া ক্যাচিং, ফিল্ডিং খুব ভালো। আসলে সবকিছুই ভালো হবে যদি আমরা জয়ের মধ্যে থাকি। শুরুটা খুবই গুরুত্বপূর্ণ তাই। প্রথম থেকে ভালো করার ক্ষেত্রে আমি মনে করি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের সমান সুযোগ আছে জয়ের। সেটা বিশ^াস করে যদি সেভাবেই খেলি তবে জিতব। আর এরপর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। ওদের অবশ্যই এগিয়ে রাখতে হবে। ওরা এ সময়ের সেরা ওয়ানডে দল। তবে আমরা যদি প্রথম দুটি ম্যাচ জিতি, তবে অবশ্যই ভালো করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত