কাবুলে মার্কিন বহরে তালেবানদের হামলা: নিহত ৪

আপডেট : ৩১ মে ২০১৯, ০৮:০৭ পিএম

আফগানিস্তানের কাবুলে মার্কিন গাড়িবহরে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৪ স্থানীয় বাসিন্দা। আহত হয়েছেন চার মার্কিন নাগরিক।

বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালেবান সন্ত্রাসবাদী সংগঠন। 

একদিন আগে আফগানিস্তানের এক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে আত্মঘাতী হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। 

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র স্বীকার করেছেন, মার্কিন সেনা বহর লক্ষ্য করে কাবুলে এদিন গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তার জেরে চার মার্কিন নাগরিক অল্পবিস্তর চোট পেয়েছেন। 

ঘটনার কথা স্বীকার করেছেন আফগানিস্তান সরকারের মুখপাত্রও। 

বিস্ফোরণের পরে ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায় কাবুলের পূর্ব প্রান্তের ব্যস্ত জালালাবাদ রোড। 

কাবুল প্রশাসনের কিছু কর্তার মতে অবশ্য, এদিনের ঘটনায় নিহতের সংখ্যা ৯ ছাড়িয়ে গিয়েছে।

ঘটনার দায় স্বীকার করে নিয়ে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মার্কিন বহরে অংশগ্রহণকারী কয়েকজন শীর্ষ স্থানীয় কূটনীতিককে নিশানা করতে গাড়ি বোমা বিস্ফোরণের পরিকল্পনা হয়। 

তালেবানের দাবি, দু'টি গাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি ১০ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত