ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। বাজে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির অধিনায়ক সরফরাজ আহমেদ। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেওয়ার সময় তার চেহারায় বিধ্বস্ত ভাবটা ফুটে উঠছিল বারবার। তবে পাকিস্তান অধিনায়ক জানিয়ে গেলেন পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান তারা।
শুক্রবার নটিংহ্যামে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ক্যারিবীয় বোলিং তোপে পড়ে পাকিস্তান। ওশানে থমাস ও জেসন হোল্ডারে ২১.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১০৫ রানেই। বিশ্বকাপের ইতিহাসে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। জবাবে ১৩.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
বাজে হারের জন্য সরফরাজ অবশ্য কোনো অজুহাত খুঁজলেন না। বললেন, শুরুর দিকে উইকেট হারিয়েই ম্যাচ থেকে ছিটকে গেছে তারা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘‘আপনি যখন টসে হারবেন এবং শুরুতেই অনেক বেশি উইকেট হারিয়ে ফেলবেন, তখন ম্যাচে ফিরে আসাটা অনেক কঠিন।’’
ক্যারিবীয় পেস বোলারদের প্রশংসা করতেই হবে। থমাস ৪টি, হোল্ডার নিয়েছেন ৩ উইকেট। জোড়া উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। তবে উইকেট ব্যাটিং ট্র্যাক ছিল বলেই মন্তব্য সরফরাজের, ‘‘শুরুর আধ ঘণ্টা একটু অন্যরকম ছিল। তবে এটা ভালো ব্যাটিং ট্র্যাক উইকেট। আমরা মোটেও ভালো ব্যাট করিনি। আমি মনে করি আমরা পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টাটাই করেছি। তবে আমরা ভালো করতে পারিনি। আশা করি আমরা ঘুরে দাঁড়াব।’’
ক্যারিবীয় বোলারদের শর্ট বলেই ব্যাটসম্যানরা পরাস্ত হয়েছেন বলে মেনে নিলেন সরফরাজ, ‘‘আমরা জানি তাদের অনেক ফাস্ট বোলার রয়েছে। যারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলতে পারে। তবে আমরা শর্ট বলে ভালো করতে পারিনি। আজ খারাপ একটা দিন ছিল।’’
এ ম্যাচ থেকে যদি প্রাপ্তি কিছু থাকে পাকিস্তানের, সেটি মোহাম্মদ আমিরের বোলিং। ৩ উইকেট নিয়েছেন এই পেসার। দুই বছর আগে এই ইংল্যান্ডেই পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন আমির। সরফরাজকেও তাই খুশি লাগল বিশ্বকাপে আমিরের এমন শুরুতে। বললেন, ‘‘মোহাম্মদ আমিরকে ভালো বোলিং করতে দেখাটা দারুণ ছিল।’’
